চার দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শুরু হওয়া এ সমাবেশে শীর্ষ পর্যায়ের নেতাসহ দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম বক্তব্য দিচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১টা পর্যন্ত চলবে এ মহাসমাবেশ।
সমাবেশ ঘিরে উদ্যানের চারপাশের সড়ক ও প্রবেশপথে হেফাজত কর্মীদের ভিড় দেখা গেছে। সকাল থেকেই শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, রমনা, মতিঝিল, যাত্রাবাড়ী, নীলক্ষেত, মোহাম্মদপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন তারা।
হেফাজতের পক্ষ থেকে দল-মত নির্বিশেষে সব পেশাজীবী ও সাধারণ মানুষকে এই মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে বাস ও ট্রাকে করে নেতাকর্মীরা ঢাকায় এসেছেন।
হেফাজতের চার দফা দাবি:
১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল।
২. সংবিধানে বহুত্ববাদ বাতিল করে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরের ‘গণহত্যাসহ’ সব ঘটনার বিচার।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ।