ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, যানচলাচল বন্ধ
২০ শতাংশ বাড়ি ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার দুপুর ১২টার মধ্যে দাবি মেনে বিজ্ঞপ্তি জারি না হওয়ায় শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যান। দুপুর ২টার দিকে পুলিশের বেড়িকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এর আগে গত রাতে শিক্ষক নেতারা ঘোষণা দিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে সাড়া না এলে আজ শাহবাগ অবরোধ করা হবে।
গত রোববার থেকে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন। আন্দোলনকারীদের একটি অংশ রাতভর সেখানেই অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার তারা প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে দেশজুড়ে শিক্ষকেরা কর্মবিরতি ও বিক্ষোভে যোগ দেন।
শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং শিক্ষক ছাড়াও অন্যান্য কর্মচারীর জন্য উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ করা।
বর্তমানে প্রাথমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষকরা মাসে গড়ে সাড়ে ১২ হাজার টাকা বেতন পান। তাদের বাড়ি ভাতা এক হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। কিন্তু শিক্ষকরা এটিকে “প্রহসন” বলে প্রত্যাখ্যান করেছেন।
দেশজুড়ে এখন ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক ও ১ লাখ ৭০ হাজার কর্মচারী।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকরা জানিয়েছেন, সরকারের কাছে দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।