বর্ষায় ছাদ বাগানের যত্ন নেবেন যেভাবে

বর্ষা মানেই প্রকৃতিতে এক নতুন ছোঁয়া। কখনো টিপটিপ, কখনো মুষলধারে বৃষ্টি। তবে এ সময় গাছপালা নিয়ে বাড়তি যত্ন না নিলে বিপদ ডেকে আনতে পারে। ছাদবাগানের টবে পানি জমে গাছের শিকড় পচে যাওয়া কিংবা ছত্রাক-পোকার আক্রমণে গাছ মারা যাওয়ার আশঙ্কাও থাকে। তাই বর্ষাকালে ছাদবাগানের জন্য কিছু বাড়তি সতর্কতা জরুরি।

জেনে নিন ছাদবাগান রক্ষায়  গুরুত্বপূর্ণ পরামর্শ—

১. টবের অবস্থান বদলান, ছাদ রাখুন পরিষ্কার

বৃষ্টির পানি যেন জমে না থাকে, সে জন্য ছাদের প্রাচীর থেকে টবগুলো কয়েক ইঞ্চি দূরে রাখুন। পাশাপাশি টবগুলোর মাঝেও কিছুটা ফাঁক রাখলে পানি সহজে গড়িয়ে পড়বে। ছাদে পাতা বা মাটি জমে নর্দমার মুখ বন্ধ হয়ে গেলে পানি বের হতে পারবে না, ফলে ছাদে জলাবদ্ধতা তৈরি হবে। তাই ছাদ নিয়মিত পরিষ্কার রাখার বিকল্প নেই।

২. পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক আছে তো?

টবে পানি জমে থাকলে তা গাছের শিকড়ের জন্য ক্ষতিকর। বৃষ্টির পর বাড়তি পানি জমে থাকলে তা ফেলে দিন। টবের নিচে ড্রেনেজ হোল বন্ধ হয়ে গেছে কি না, সেটিও দেখে নেওয়া দরকার। প্রয়োজনে মাটি আলগা করে দিলে পানি বের হতে সুবিধা হবে।

৩. বর্ষায় সার নয়, পানিতেই যত্ন

বর্ষাকালে অধিকাংশ গাছের বাড়তি সারের প্রয়োজন হয় না। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে সার দেওয়া ভালো। তবে ইনডোর গাছে সামান্য সার প্রয়োগ করা যেতে পারে। গাছে পানি দেওয়ার সময়ও বুঝেশুনে দিতে হবে। টবের মাটি আগে থেকেই ভেজা থাকলে নতুন করে পানি না দেওয়াই ভালো।

৪. হলুদ পাতা মানেই সতর্কতার সময়

বর্ষার আর্দ্র আবহাওয়ায় অনেক গাছের পাতা হলুদ হয়ে যায়। পানি জমে থাকলে এমনটা বেশি দেখা যায়। এমন গাছের টবের মাটি বদলে দেওয়া ভালো। নতুন মাটি তৈরির সময় বালির পরিমাণ বাড়ালে পানি দ্রুত বেরিয়ে যাবে এবং গাছের শিকড় বাঁচবে।

৫. ছত্রাক ও পোকার আক্রমণ প্রতিরোধ করুন

বর্ষাকালে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। কোনো গাছে পোকার আক্রমণ দেখা দিলে সেটিকে অন্যান্য গাছ থেকে আলাদা করে রাখুন। প্রতিরোধে পানিতে নিমতেল মিশিয়ে স্প্রে করা যেতে পারে। সুস্থ গাছেও মাঝে মাঝে এটি ব্যবহার করলে রোগের ঝুঁকি কমবে।

গাছের জন্য বর্ষা যেমন আশীর্বাদ, তেমনি হতে পারে অভিশাপও—যদি ঠিকমতো যত্ন না নেওয়া হয়। একটু সচেতন থাকলেই এই মৌসুমেও আপনার ছাদবাগান থাকবে সতেজ আর সবুজ।

All Categories