বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খেতে মন চায়?
বৃষ্টি পড়ছে টুপটাপ। বাইরে আকাশ মেঘলা, হালকা বাতাস বইছে।জানালার পাশে বসে হালকা বাতাসের ছোঁয়া গায়ে মেখে যে দৃশ্যটি অনেক বাঙালির মনে ভেসে ওঠে, তা হলো এক প্লেট গরম খিচুড়ি।সঙ্গে বেগুন ভাজা, ডিমের অমলেট, ইলিশ ভাজা বা গরুর মাংস থাকলে তো কথাই নেই। একটুখানি ভর্তা, একটু ঘি বা আচার—এই আবহে খিচুড়ি যেন হয়ে ওঠে পরিপূর্ণ এক আবেগের নাম।
তবে প্রশ্ন উঠতে পারে, কেন বৃষ্টি নামলেই খিচুড়ির কথা মনে পড়ে? বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে আবহাওয়া, শারীরিক চাহিদা, স্মৃতি আর আবেগের সম্মিলিত প্রভাব।
বৃষ্টির দিনে শরীর যা চায়
বৃষ্টির সময় পরিবেশের আর্দ্রতা বেড়ে যায়, তাপমাত্রাও কিছুটা কমে আসে। এই সময় শরীর গরম, সহজপাচ্য ও আরামদায়ক খাবারের প্রতি আগ্রহী হয়ে ওঠে। খিচুড়ি ঠিক সে রকমই একটি খাবার। চাল-ডাল, সবজি, ঘি বা মাখনের মিশেলে রান্না করা এই খাবারটি শুধু পেটই ভরায় না, দেয় তৃপ্তিও।
পুষ্টিবিদরা বলছেন, বর্ষাকালে হজমপ্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়। এ সময় খিচুড়ির মতো হালকা কিন্তু পুষ্টিকর খাবার শরীরের জন্য ভালো। মুগ বা মসুর ডাল থেকে প্রোটিন, সবজি থেকে ভিটামিন ও খনিজ—সব মিলিয়ে খিচুড়ি একটি পরিপূর্ণ খাবার।
আবেগ ও স্মৃতির মিলন
শুধু শারীরিক চাহিদাই নয়, খিচুড়ির সঙ্গে জড়িয়ে আছে অনেকের শৈশবের স্মৃতি। বর্ষার দিনে মা বা দাদির হাতের খিচুড়ির সেই গন্ধ, রান্নাঘর থেকে ভেসে আসা ভাজা বেগুনের ধোঁয়া—এসবই অনেককে নস্টালজিক করে তোলে।
বৃষ্টির ফোঁটার সঙ্গে সঙ্গে মনে পড়ে পুরোনো সেই দিনগুলো। তখন খিচুড়ি খাওয়া কেবল খাওয়াই নয়, বরং স্মৃতি পুনরুদ্ধারেরও একটি উপায় হয়ে ওঠে।
সামাজিক অভ্যাস
আমাদের সংস্কৃতিতেও বর্ষায় খিচুড়ি খাওয়ার একটি সুস্পষ্ট ধারা রয়েছে। শহর হোক বা গ্রাম—বৃষ্টির দিনে খিচুড়ি রান্না যেন এক প্রথার অংশ। পরিবারের সবাই মিলে খাওয়া, পাশে ইলিশ ভাজা বা ডিম, বেগুন ভাজা—এই অভ্যাস কেবল খাবারের টেবিলেই সীমাবদ্ধ থাকে না, বরং বাড়ায় পারিবারিক ঘনিষ্ঠতাও।
খিচুড়ির জন্য খুব বেশি উপকরণের দরকার পড়ে না। ঘরে থাকা চাল, ডাল, সামান্য সবজি আর একটু মসলা দিয়েই তৈরি করা যায় সুস্বাদু একটি খাবার। তাই বাজারে যাওয়ার প্রয়োজন না পড়ে, বর্ষার অচল সময়ে খিচুড়ি হয়ে ওঠে সহজ সমাধান।
খাবারের চেয়েও বেশি কিছু
বৃষ্টি আর খিচুড়ি—এ যেন আবহাওয়ার সঙ্গে মানসিক এক মেলবন্ধন। এটি কেবল পেট ভরানোর বিষয় নয়, বরং একসঙ্গে মিশে থাকে তৃপ্তি, স্মৃতি আর সংস্কৃতির অনুভব।