বৃষ্টি থাকবে জুলাই মাসজুড়ে
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই বৃষ্টিপাত জুলাই মাসজুড়ে অব্যাহত থাকতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমলেও উত্তরাঞ্চলে বৃষ্টি বেড়েছে। ঢাকায় আজ বৃহস্পতিবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি থাকতে পারে।
তবে শুক্রবার (১৮ জুলাই) থেকে দেশের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।