ব্রিজ বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ
বাংলাদেশ আবারও জায়গা করে নিয়েছে বিশ্ব ব্রিজ অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বারমুডা বাউল টুর্নামেন্টে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জোন-৪ এর বাছাই পর্বে ফাইনালে ওঠার মাধ্যমেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা।
বৃহস্পতিবার সকালে দুবাইয়ের মিডিয়া রোটানা হোটেলে অনুষ্ঠিত ছয় সেশনের সেমিফাইনালের চতুর্থ সেশন শেষে প্রতিপক্ষ জর্ডান বড় ব্যবধানে পিছিয়ে পড়ে। বাংলাদেশের সংগ্রহ তখন ১৮৬, আর জর্ডানের ৬৭ পয়েন্ট। অর্থাৎ ১১৯ পয়েন্টে পিছিয়ে ছিল জর্ডান। পরের দুই সেশনে এই ব্যবধান কাটিয়ে ওঠা অসম্ভব জেনে জর্ডান হার মেনে নেয়।
সেমিফাইনালের প্রথম সেশনে ৪১–১৬ পয়েন্টে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেই মূলত খেলার মোড় ঘুরে যায়। ওই রাউন্ডে বাংলাদেশ তুলে নেয় ৬৭ পয়েন্ট, জর্ডান পায় মাত্র ২ পয়েন্ট। এরপর তৃতীয় ও চতুর্থ রাউন্ডে আরও ১৮ ও ১১ পয়েন্ট যোগ করলে বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
বাংলাদেশ ওপেন দলের হয়ে অংশ নেন কামরুজ্জামান, আসিফুর রহমান, জাহিদ হোসেন, শাহ জিয়াউল হক, মির্জা সাজিদ ইস্পাহানী ও মশিউর রহমান। ওপেন রুমে উত্তর–দক্ষিণে খেলেন কামরুজ্জামান ও আসিফুর, আর ক্লোজ রুমে পূর্ব–পশ্চিমে খেলেন জাহিদ ও জিয়াউল হক। ছয়জন খেলোয়াড়ই গ্রুপ পর্ব ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এর আগে আট দলের গ্রুপ পর্বে বাংলাদেশ দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠে। অন্য সেমিফাইনালে ভারত ৯৫ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সেই ম্যাচের বিজয়ী দল শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের।
শুধু ওপেন দল নয়, বাংলাদেশের প্রবীণ ব্রিজ দলও সাফল্যের পথে। সেমিফাইনালে পাকিস্তানের প্রবীণদের বিপক্ষে ৪৭ পয়েন্টে এগিয়ে রয়েছে দলটি। প্রবীণ দলের হয়ে খেলছেন সাইদ আহমেদ, দেওয়ান মোহাম্মদ হানজালা, খন্দকার মাজহারুল হক, মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ আজিজুল হক ও এটিএম মোয়াজ্জেম হোসেন।
আগস্টে ডেনমার্কে অনুষ্ঠিত হবে এবারের ব্রিজ বিশ্বকাপ। এর আগে ২০০১ সালে প্যারিস ও ২০১৯ সালে উহানে অংশ নিয়েছিল বাংলাদেশ।