বিমানবন্দরের কার্গো ভিলেজের বিভিন্ন জায়গায় এখনও উড়ছে ধোঁয়া

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার ২৪ ঘণ্টা পার হলেও এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত স্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, ‘আগুন পুরোপুরি নেভেনি, এ কারণেই ধোঁয়া উঠছে।’

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজও চালিয়ে যাচ্ছে।

আজ রোববার সকাল থেকেই আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে অনেক মানুষ কার্গো ভিলেজের আশপাশে ভিড় করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না।

গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। এতে সেখানে রাখা বিভিন্ন মালপত্র পুড়ে যায়। আগুনের কারণে অনেক ফ্লাইট ছাড়তে দেরি হয় এবং অবতরণের অপেক্ষায় থাকা কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

আগুন লাগার পর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দর এলাকা ও আশপাশের আকাশ।

গতকাল রাত ৯টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। একই সময়ে বিমানবন্দর কর্তৃপক্ষও জানায়, বিলম্বিত ও অন্যত্র পাঠানো ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।

All Categories