বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দেশকে তদন্তে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তদন্তে সহায়তা করবেন এবং কারণ ও দায় নির্ধারণে ভূমিকা রাখবেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা ফেল করেনি। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলোও আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ সেখানে খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়।
তিনি আরও বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে।
বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, যে ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটিই কার্গো ভিলেজেও কাজ করতে পারে; এতে কোনো সমস্যা নেই।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও সিভিল অ্যাভিয়েশনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ছয় ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।