বিমানবন্দর থেকে প্রবাসীকে নিয়ে ফেরার পথে একই পরিবারের ৭ জন নিহত
ওমানফেরত এক প্রবাসীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরে ফিরছিল মাইক্রোবাসটি। পথে নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে নিহত হন একই পরিবারের সাতজন।
আজ বুধবার ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তাঁরা সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।
নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, মাইক্রোবাসটিতে ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে চালকসহ ৪ জন দুর্ঘটনার পর মাইক্রোবাস থেকে বের হয়ে আসেন। বাকি ৭ জন ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তিরা পেছনের সিটে অবস্থান করছিলেন।
মোজাম্মেল হক আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।