বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা: দিশাকে ফের ৭ দিনের রিমান্ডে চাইল পুলিশ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) ঢাকার আদালতে এ আবেদন জানানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আদালতে আবেদনটি করেন। এর আগে গত ১ নভেম্বর সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
সেই রিমান্ড শেষে মঙ্গলবার দিশাকে আবার আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে নতুন করে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়ে পুলিশ ফের সাত দিনের রিমান্ড আবেদন করে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে নৌ পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। পরে এ মামলায় দীপ ও দিশাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।