বিকেলে এনসিপিসহ ৩ দলের নতুন রাজনৈতিক জোটের ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন একটি নির্বাচনী জোট ঘোষণার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। দুই সপ্তাহের আলোচনার পর আজ রোববার বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে আলোচনায় থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত জোটে থাকছে না গণ অধিকার পরিষদ।

জোটের পক্ষ থেকে একে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।

দুপুর ১২টার দিকে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানান, বিকেল চারটায় ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এবি পার্টি–সংশ্লিষ্ট একটি সূত্রও সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে।

গত মাসের শেষ সপ্তাহে বিএনপি ও জামায়াতের বাইরে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদকে নিয়ে একটি নতুন নির্বাচনী জোট গঠনের আলোচনা সামনে আসে। ২৭ নভেম্বর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে জোটের আত্মপ্রকাশের কথা থাকলেও আগের দিন রূপায়ণ ট্রেড সেন্টারে দীর্ঘ বৈঠক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

বৈঠকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের একটি অংশের উদ্যোগে গঠিত প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’কে জোটে অন্তর্ভুক্ত করা নিয়ে এনসিপির পক্ষ থেকে আপত্তি ওঠে। একই সঙ্গে গণ অধিকার পরিষদের ভেতরেও জোটে যোগ দেওয়া না–নেওয়া নিয়ে মতভেদ দেখা দেয়। ফলে আলোচনা থমকে যায় এবং জোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

আজ যে জোট ঘোষণা হতে যাচ্ছে, তাতে আপ বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ থাকছে না বলে সংশ্লিষ্টেরা মনে করছেন। বিষয়টি জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দুপুরে বলেন, বৈঠকে আমরা জোটের লক্ষ্য–উদ্দেশ্য ও সক্ষমতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলাম। সেগুলোর উত্তর এখনো পাইনি। অজানায় ঝাঁপ দেওয়ার সুযোগ নেই। মূলত এসব প্রশ্নের সন্তোষজনক জবাব না পাওয়ায় আমরা জোটে থাকছি না।

All Categories