বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিন ধরে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শিক্ষকরা আপাতত সচিবালয় অভিমুখে লংমার্চ স্থগিত করেছেন। তবে সরকারকে বিকেল তিনটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানা হলে বিকেল চারটা থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’–এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা বিকেল তিনটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। সরকারের পক্ষ থেকে যদি আমাদের তিন দফা দাবি মেনে নেওয়া হয়, তাহলে আমরা লংমার্চ করব না। কিন্তু যদি দাবি না মানা হয়, তাহলে বিকেল চারটা থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করব।

তিন দফা দাবি: মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

এই তিন দাবিতে গত তিন দিন ধরে শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ দুপুর ১২টার দিকে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরুর কথা থাকলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর অনুরোধে তারা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখেন।

দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি। এখন আলোচনার কোনো সুযোগ নেই, শুধু প্রজ্ঞাপন চাই। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা অবস্থান ছাড়ব না।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে একটি দল শহীদ মিনারে এসে শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলেন এবং লংমার্চ পেছানোর অনুরোধ জানান। ওই সময় দেলাওয়ার হোসেনের মুঠোফোনে ফোন আসে। পরে তিনি জানান, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ফোন করে লংমার্চ স্থগিতের অনুরোধ জানান এবং দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

দেলাওয়ার হোসেন বলেন, প্রশাসন জানিয়েছে, দাবি মেনে নেওয়া হবে, তবে প্রজ্ঞাপন জারি হতে সময় লাগবে। হাসনাত আব্দুল্লাহও আমাদের আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি প্রজ্ঞাপন ছাড়া লংমার্চ প্রত্যাহারের প্রশ্নই আসে না।

উল্লেখ্য, আন্দোলনের প্রথম দিন পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষক-কর্মচারী আহত হন। এরপর থেকেই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

All Categories