বিএসইসির সঙ্গে সম্মিলিতভাবে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করবো: ডিএসই চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিয়ে চলমান সংকট দ্রুত সমাধান করার আহ্বান জানিয়েছে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন। তারা বলেছেন, "বিএসইসিতে গত কয়েক দিনে ঘটে যাওয়া ঘটনা অনভিপ্রেত এবং তা দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি করেছে।" তাই, তারা দ্রুত এই সংকট কাটিয়ে উঠে সকলের আন্তরিক সহযোগিতায় পুঁজিবাজারের পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।

এ সম্পর্কিত আলোচনা চলে রোববার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে। দুই ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, এবং ডিএসই পরিচালক মিনহাজ মান্নানসহ বিভিন্ন বাজার অংশীজনরা অংশগ্রহণ করেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএসইসি চেয়ারম্যান, ডিএসই চেয়ারম্যান ও মিনহাজ মান্নান।

বৈঠক শেষে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাংবাদিকদের জানান, “পুঁজিবাজারের উন্নয়ন এবং স্বার্থ রক্ষায় সকল অংশীজনরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীরা এখন আবার কাজে ফিরে এসেছেন, এবং আমরা সকলকে কাজে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।”

ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, "পুঁজিবাজারের মতো অত্যন্ত সংবেদনশীল একটি ক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থায় গত কয়েক দিনে যে সংকট সৃষ্টি হয়েছে, তা অবশ্যই দ্রুত সমাধান করতে হবে। বিএসইসির সুনাম ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।তিনি আরও বলেন, যদি কেউ বিএসইসি’র কোনো সিদ্ধান্তে ক্ষুব্ধ হন, তবে তাদের আইন ও নিয়ম মেনে কমিশন বা সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে। তবে, কোনো অবস্থাতেই নিয়ন্ত্রক সংস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের প্রচেষ্টা গ্রহণ করা উচিত নয়।

মমিনুল ইসলাম আরও বলেন, বিগত দিনে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনা উচিত।

ডিএসই চেয়ারম্যান বলেন, বিএসইসির সংকটের সুযোগ নিয়ে কেউ যাতে বাজারে অঘটন সৃষ্টি না করতে পারে, সে জন্য আমরা বাজার সার্ভেইল্যান্স আরও জোরদার করেছি। বর্তমানে আমাদের তদারকি সিস্টেম খুবই সতর্ক অবস্থায় রয়েছে।তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন, তাদের পুঁজিবাজারে আস্থা হারানোর কোনো কারণ নেই, কারণ আমরা সকলে মিলে এই পরিস্থিতি মোকাবিলা করব।

বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও আজ কর্মবিরতি প্রত্যাহার করে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরেছেন। তবে, সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে।

বুধবার, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসর নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং এর পর থেকে কর্মকর্তারা চার দফা দাবি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দেন। ফলে, বিএসইসি কার্যালয়ে গত বৃহস্পতিবার অচলাবস্থা সৃষ্টি হয়। এর পরে, সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সংকট নিরসন করে।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, এদিন কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, তবে সব কর্মকর্তা-কর্মচারীকে কাজে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।"

এদিকে, বিএসইসি’র ১৬ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। এই মামলার পর, কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক কাজে ফিরে আসেন।

এ বিষয়ে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজার বর্তমানে একটি কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে। তাই, বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সব কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কাজে যোগদানের আহ্বান জানাচ্ছে, যাতে দেশের পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়।

পুঁজিবাজারের সুষ্ঠু পরিচালনা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিএসইসি ও ডিএসইসহ সকল স্টেকহোল্ডাররা একত্রিত হয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে,পরিস্থিতি স্বাভাবিক করতে সকল পক্ষকে সতর্কভাবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

All Categories