বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল

মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছে পুরো এলাকা।

বৃহস্পতিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। দুপুর ১২টার পর নয়াপল্টন কার্যত জনসমুদ্রে রূপ নেয়।

সমাবেশস্থল ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার দায়িত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন। সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা।

সমাবেশের শুরুতে দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। পাশাপাশি দলীয় ঘরানার শিল্পীরাও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে সংগীত পরিবেশন করেন।

নেতাকর্মীদের অনেকেই লাল, সবুজ, কালো ও সাদা রঙের টুপি এবং দলীয় টি-শার্ট পরে সমাবেশে অংশ নেন। স্লোগান, ঢাকঢোলের শব্দ ও দলীয় সংগীতের মাধ্যমে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

All Categories