বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সীমান্ত এলাকায় ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এ ঘটনা ঘটে সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে। নিহত মোহাম্মদ আলী হোসেনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায় নিয়ে কিছুদিন ধরে স্থানীয় বিএনপির ছাত্রদল নেতা হারুনুর রশীদ গ্রুপ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত আলী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে এই বিরোধ তীব্র আকার ধারণ করে এবং এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর ফলে হযরত আলী গ্রুপ হারুন গ্রুপের লোকজনকে ধাওয়া করে ফলে হারুন গ্রুপ সেখান থেকে পালিয়ে যায়।

ইফতারের পর হারুন গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মহিষখলা বাজারে এসে হযরত আলী গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সহিংস ঘটনায় মোহাম্মদ আলী নামের নিরীহ এক পথচারী দেশীয় অস্ত্রের আঘাতে প্রাণ হারান। পাশাপাশি সংঘর্ষের ফলে অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে স্থানীয় দোকানপাটও ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।

এ ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

All Categories