বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে কর্তৃত্ব হারাল ম্যানেজিং কমিটি
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আর কর্তৃত্ব থাকছে না পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির হাতে। নতুন নিয়মে এসব পদে নিয়োগের দায়িত্ব যাবে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন সুপারিশ কমিটির কাছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার (২৯ সেপ্টেম্বর) এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানায়।
পরিপত্রে বলা হয়েছে, শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী নিয়োগে সুপারিশ কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। সদস্য হিসেবে থাকবেন জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তাঁর প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়), এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। সদস্য সচিব হবেন জেলা শিক্ষা কর্মকর্তা।
এই কমিটি নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত এবং সুপারিশ করবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনে একাধিক বোর্ড গঠনের সুযোগ থাকবে। প্রতিটি বোর্ডে অন্তত নবম গ্রেডের কর্মকর্তা থাকতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, “আগের মতো ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কর্তৃত্ব থাকছে না। বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থা করা হয়েছে।”
দীর্ঘদিন ধরে এসব পদে নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিল। সর্বশেষ ২০২৪ সালের ১০ জানুয়ারির নির্দেশনায়ও ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে নিয়োগ কমিটি গঠনের বিধান ছিল। সেখানে শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকলেও নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল।
নতুন নিয়মে জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে সেই বিতর্ক কমবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।