বদলির আদেশ ছিঁড়ে ফেলায় বরখাস্ত এনবিআরের ৮ কর্মকর্তা

আন্দোলন প্রত্যাহারের পরও একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’-এর অভিযোগে আজ মঙ্গলবার তাঁদের বরখাস্ত করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। 

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকার কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫-এর মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের মো. আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপ কর কমিশনার মো. শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপ কর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী এবং কুমিল্লা কর অঞ্চলের উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

আদেশে বলা হয়, ২২ জুন জারি করা বদলির আদেশ অমান্য করে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে তা ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং আদেশ অমান্যকারী অন্য কর্মকর্তাদের সমর্থন দিয়েছেন। ফলে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারায় তাঁদের ওএসডি হিসেবে এনবিআরে সংযুক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তাঁরা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

গত ১২ মে এনবিআর পুনর্গঠনের অংশ হিসেবে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—গঠনের অধ্যাদেশ জারি করে সরকার। এতে অসন্তোষ দেখা দিলে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এরপর ২২ জুন বদলির আদেশ জারি করা হলে ২৪ জুন কিছু কর্মকর্তা এনবিআর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান।

এরপর ব্যবসায়ীদের মধ্যস্থতায় সরকার ২৯ জুন ঘোষণা দেয়, আন্দোলন প্রত্যাহার করা হলে কাউকে শাস্তি দেওয়া হবে না। আশ্বাসে আন্দোলন প্রত্যাহার হলেও একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চট্টগ্রাম কাস্টমসের কমিশনারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৯ জুলাই এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘চেয়ারম্যান হিসেবে আমার বিরুদ্ধে যাঁরা আন্দোলন করেছেন, আমি তাঁদের ক্ষমা করে দিয়েছি। কিন্তু, যাঁরা রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করেছেন, রাষ্ট্র তাঁদের ক্ষমা করবে কি না, তা আমি জানি না।

All Categories