বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
বাংলাদেশকে ৫০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থ সহায়তা মূলত দেশের আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা বাড়াতে ব্যবহার করা হবে।
বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য সরকারি আর্থিক ব্যবস্থাপনায় উন্নয়ন জরুরি। এই অর্থায়ন সরকারের নীতিমালা আরও শক্তিশালী করতে সহায়তা করবে।’
এই বাজেট সহায়নার আওতায় যেসব সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হবে, তার মধ্যে রয়েছে— কর অব্যাহতির সিদ্ধান্তে জাতীয় সংসদের ভূমিকা নিশ্চিত করা।করনীতি ও রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি । ব্যাংক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা । আন্তর্জাতিক মান অনুযায়ী আর্থিক প্রতিবেদন তৈরি । সরকারি প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন ২০২৭ সালের মধ্যে জনগণের জন্য উন্মুক্ত করা । সরকারি কেনাকাটায় ই-প্রকিউরমেন্ট (ই-জিপি) বাধ্যতামূলক করা এবং দরপত্র প্রক্রিয়াকে আরও প্রতিযোগিতামূলক করা।
বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেন, ‘এই অর্থায়ন সরকারের সেবার মান উন্নয়ন ও দুর্নীতির ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে। একই সঙ্গে দুর্যোগ বা অর্থনৈতিক সংকটে দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা নিশ্চিত করতেও সহায়ক হবে।