বাংলাদেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। দলীয় উচ্চপর্যায়ের সূত্র বলছে, চিকিৎসকদের চূড়ান্ত সম্মতি ও প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হলেই কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে সরিয়ে নেওয়া হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ঢাকায় পৌঁছে তিনি খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন। অবস্থা অনুকূল থাকলে তিনিই খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়ার কথা রয়েছে।

এদিকে কাতার জানিয়েছে, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার প্রয়োজন হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত। চিকিৎসকদের অনুমতি মিললেই বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হবে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরেই এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারে বলে সূত্র জানায়। খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ মোট ১৪ জন লন্ডনে যেতে পারেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকরা তার অবস্থাকে ‘স্থিতিশীল’ বলে বর্ণনা করছেন। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলের নেতৃত্বে দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞের আরও দুটি দল বোর্ডে যুক্ত হয়।

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিডনি জটিলতা, হৃদরোগ ও নিউমোনিয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। ১ ডিসেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসএসএফ ও পিজিআর সদস্যরা হাসপাতালে ও আশপাশে মোতায়েন রয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এয়ার ট্রান্সপোর্ট প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে হাসপাতালের নিকটস্থ উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ হবে। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে কার্যালয়।

বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস–সংক্রান্ত জটিলতাসহ নানা অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মুক্তি পেয়ে তিনি চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে মে মাসে দেশে ফেরেন। দেশে ফেরার পরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছে।

All Categories