বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’: ইসহাক দার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তাঁর তিন দিনেরও কম সময়ের বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন গতিতে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি বলেন, এ সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী সহযোগিতার দিকে এগিয়ে নেবে।

গত শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। রোববার দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে রয়েছে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের চুক্তি, সংস্কৃতি বিনিময়, দুই দেশের সংবাদ সংস্থা, ফরেন সার্ভিস একাডেমি ও গবেষণাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং বাণিজ্য সহযোগিতা সম্পর্কিত সমঝোতা।

ইসহাক দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া প্রাতরাশ বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে। রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় যান। সফরের প্রথম দিনেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বিএনপির তিনটি প্রতিনিধিদলের সঙ্গে আলাদা বৈঠক করেন তিনি।

এক্সে দেওয়া পোস্টে ইসহাক দার জানান, ৩৬ ঘণ্টার এই সফরে তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা, বুদ্ধিজীবী, গবেষক, শিক্ষাবিদ, নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় সার্ক পুনরুজ্জীবনের বিষয়টিও গুরুত্ব পায়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই সফর দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেবে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াবে।

All Categories