বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ভারতের নতুন সেনা ঘাঁটি
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সেনা ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। খুব অল্প সময়ের মধ্যেই সীমান্তঘেঁষা এই ঘাঁটি কার্যক্রম শুরু করেছে। একইসঙ্গে আসামের ধুবরিতেও একটি নতুন সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে।
বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। এলাকা বাংলাদেশ সীমান্তের অতি কাছেই অবস্থিত।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি, আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড, চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপন ও কার্যকর করার জন্য সৈন্যদের পেশাদারিত্ব, অদম্য উৎসাহ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান।’
ইস্টার্ন কমান্ডের পোস্টে আরও বলা হয়, সেনাপ্রধান স্থানীয় এমএলএ হামিদুল রহমানসহ নাগরিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি সেনা-বেসামরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।
এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন’ সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইস্টার্ন কমান্ড জানায়, ‘আহোম রাজ্যের কিংবদন্তি সেনানায়ক লাচিত বরফুকনের নামে নতুন এই স্টেশনের নামকরণ করা হয়েছে। এটি সাহস, নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক—যা পুনর্জাগরিত আসামের ঐতিহ্যের প্রতিফলন।’
সংস্থাটি আরও জানায়, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং সেনা অবকাঠামো উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
সূত্র: ডেকান ক্রনিকেলের প্রতিবেদন