বাংলাদেশ নিয়ে অমর্ত্য সেনের মন্তব্যের জবাবে জামায়াত আমিরের প্রতিক্রিয়া
দ্য প্রেস ডেস্ক:
ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান। নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন, তা অনাকাঙ্ক্ষিত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে নাক গলানোই শুধু নয়, এটি এক ধরনের নৈতিক অসততার পরিচায়ক। তিনি যে দেশের নাগরিক, সেখানে নিজের সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা নিয়ে চিন্তা করা উচিত।"
শফিকুর রহমান আরো বলেন, "বাংলাদেশের জনগণ দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে ধর্মনিরপেক্ষতার নামে চরম ভন্ডামি প্রত্যক্ষ করেছে, যা দেশের জনগণের জন্য অত্যন্ত বেদনার।" তিনি দাবি করেন, অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষ থেকে মুখ খুলছেন, যা "অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।" জামায়াতের আমির বলছেন, অমর্ত্য সেন জামায়াতে ইসলামী সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা তার বদ্ধমূল ধারণার ফলস্বরূপ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত।
পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, "সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারী একমাত্র গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ। অমর্ত্য সেন যদি সত্যিই সাহসী হন, তাহলে আওয়ামী লীগের এই ভূমিকা নিয়ে কথা বলুন। কিন্তু তিনি তা কখনোই করবেন না, কারণ তিনি সীমাবদ্ধ সুশীল সমাজের সদস্য।" জামায়াতের আমিরের মতে, বাংলাদেশে বিদেশি বা অন্য কোনো রাষ্ট্রের প্রতিনিধিদের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করা কখনোই পছন্দনীয় নয়, বিশেষ করে যখন তা দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
অমর্ত্য সেনের মন্তব্যকে নিন্দা জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিরুদ্ধেও পোস্টে মত প্রকাশ করেছেন শফিকুর রহমান