বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ' ২০৫ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। তবে সংগঠনটির আত্মপ্রকাশের একদিনের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এর একদিন আগে বুধবার মধুর ক্যান্টিনের সামনে নতুন এই ছাত্র সংগঠনের ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সংগঠনটির পদ-পদবি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার সংবাদ সম্মেলনে জানান, এ 'বিশৃঙ্খলার' ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

নতুন সংগঠনটির মূলনীতি নির্ধারণ করা হয়েছে 'শিক্ষা, ঐক্য, মুক্তি'। সংগঠনের স্লোগান—'স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট'।

কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান জানান, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

All Categories