বাকেরকে সমর্থন জানিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী মাহিন সরকার। একই সঙ্গে তিনি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানিয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য থাকা জরুরি। আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি বিজয়ী হন, সেটা আমার বিজয় হিসেবেও গণ্য হবে।
তিনি আরও বলেন, যেহেতু এখন প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, তাই ব্যালটে আমার নাম থাকবে। তবে আমি আমার শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আপনারা আবু বাকের মজুমদারকে নির্বাচিত করুন। গণঅভ্যুত্থানের শক্তিকে সুসংহত করুন।
মাহিন সরকার একসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ছিলেন। তবে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে প্রার্থী হওয়ার পর তিনি দল থেকে বহিষ্কৃত হন। জানা গেছে, তিনি পুনরায় এনসিপিতে ফিরতে পারেন।
সমর্থন পাওয়ার পর আবু বাকের মজুমদার বলেন, মাহিন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ২০২৪ সালের ৯ জুন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। তিনি আমাকে বলেছিলেন, যেকোনো মূল্যে আন্দোলন সফল করতে হবে। আজও তিনি তার পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, অনেকের পরামর্শ ছিল, আমরা যেন একত্রে কাজ করি। মাহিন ভাই বড় মনের পরিচয় দিয়েছেন। আমি বিশ্বাস করি, এ ঐক্য আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।