বাজেটে বাড়তে-কমতে পারে যেসব পণ্যের দাম
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাজেট বক্তৃতা উপস্থাপন করেন তিনি। বক্তৃতার শুরুতেই তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। আমাদের কাঁধে বর্তায় নৈরাজ্য ও প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের কঠিন দায়িত্ব।’
তিনি দাবি করেন, মাত্র ১০ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার অর্থনীতি পুনরুদ্ধারে অনেক দূর এগিয়ে গেছে’। তাঁর ভাষায়, ‘জুলাই অভ্যুত্থানের পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম, তা পূরণ খুব শিগগিরই সম্ভব হবে ইনশা আল্লাহ।
অর্থ উপদেষ্টার প্রস্তাবনায় বাজেটে কিছু পণ্যের ওপর কর বাড়ানো ও কিছু পণ্যের ওপর শিথিলতা আনা হয়েছে।
যেসব পণ্যের দাম বাড়তে পারে:
সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, সাবান-শ্যাম্পু, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালি প্লাস্টিক পণ্য, এলপিজি ও এর সিলিন্ডার, ফ্ল্যাট, বলপয়েন্ট কলম, হেলিকপ্টার সেবা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ব্লেন্ডার-মিক্সার, ইলেকট্রিক কেটলি-ইস্ত্রি, রাইস কুকার, ব্লেড, লিফট, ফোর-স্ট্রোক থ্রি-হুইলার, ওটিটি কনটেন্ট, কমার্শিয়াল স্পেস, কোটেড পেপার, সুতা, স্ক্রু-বল্ট, সার্জিক্যাল কিট, শিপ স্ক্র্যাপ, সিমেন্ট শিট, ক্রেডিট রেটিং সেবা, থ্রি-হুইলার ব্যাটারি, সেট-টপ বক্স।
যেসব পণ্যের দাম কমতে পারে:
চিনি, স্যানিটারি ন্যাপকিন, আইসক্রিম, ভূমি নিবন্ধন ফি, ক্যানসারের ওষুধ ও ইনসুলিন, এলএনজি, টায়ার, দেশি ই-বাইক, মাটির পাত্র ও পেপার প্লেট, বড় কম্পিউটার মনিটর (দেশে তৈরি), উড়োজাহাজ ভাড়া, লিথিয়াম-গ্রাফিন ব্যাটারি।
এই বাজেট বক্তৃতা প্রচারিত হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ বেসরকারি চ্যানেলগুলোতে। এবারের বাজেট সংসদে নয়, উপস্থাপিত হয় সরাসরি জাতির সামনে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘এই বাজেট শুধু অর্থনীতির দলিল নয়, এটি জাতির পুনর্জাগরণের দিকনির্দেশনাও।