আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে আজ এনসিপির বিক্ষোভ সমাবেশ

গুম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার, দলীয় নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার প্রতিবাদে এবং তাদের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জোর দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনা বেড়েছে। এসব অপরাধের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক মহলের সহযোগিতাও কামনা করা হয়েছে।

বিক্ষোভ মিছিলের কর্মসূচি সফল করতে এনসিপির ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে দলটির সকল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার রাতে ঢাকার বাংলামোটরে রূপায়ন টাওয়ারের ১৫ তলায় এক জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে দলটির নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ এনে অবিলম্বে বিচারের জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে এনসিপি।

All Categories