আতঙ্ক কাটিয়ে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। ইরানে আগ্রাসনের খবরে গতকাল রোববার বড় দর পতন হলেও আজ সোমবার ঠিক বিপরীত অবস্থা। সকাল ১০টায় লেনদেনের শুরু থেকে সিংহভাগ কোম্পানির শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছে। তাতে সূচকেও তেজিভাব দেখা যাচ্ছে। 

গতকাল প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছিল প্রায় আড়াই শতাংশ। আজ প্রথম ঘণ্টার লেনদেন শেষে সূকটি প্রায় দেড় শতাংশ বেড়ে ৫৪৭০ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।এ প্রতিবেদন লেখার সময় বেলা সাড়ে ১১টায়ও শেয়ারদর ও সূচক বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে দেখা গেছে। ডিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৫৪০ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘণ্টা ডিএসইতে ৩৪৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধি পেয়ে কেনাবেচা হতে দেখা যায়। এ সময় দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল মাত্র ১৯টি। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা ২২ শেয়ার ও মিউচুয়াল ফান্ড।প্রথম ঘণ্টায় কেনাবেচা হয়েছে ২১৫ কোটি টাকার শেয়ার। অবশ্য এ লেনদেন গতকালের প্রথম ঘণ্টার লেনদেনের তুলনায় ১৩২ কোটি টাকা কম।খাতওয়ারি লেনদেন বিশ্লেষণে দেখা গেছে- আজ ব্যাংক খাতের শেয়ার বেশি কেনাবেচা হচ্ছে। প্রথম ঘণ্টার লেনদেনের এক-চতুর্থাংশ লেনদেন হয়েছে এ খাতে।পরের অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতের লেনদেন ছিল মোটের সোয়া ১৩ শতাংশ।

শেয়ারবাজারের অন্যতম প্রধান ব্রোকারেজ হাউস প্রাইম ব্যাংক সিকিউরিটিজে ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান সমকালকে বলেন, আজ বাজার স্বাভাবিক প্রতিক্রিয়া দেখাচ্ছে।রোববারের বড় দরপতনের তেমন যৌক্তিকতা ছিল না- এটা বিনিয়োগকারীরা বুঝতে পারছেন। কিছু বিনিয়োগকারী মাত্রাতিরিক্ত আতঙ্কে শেয়ার বিক্রি করায় ওই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।

মনিরুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উদ্বিগ্ন হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু আমাদের ক্ষতি কতটা হবে তার বিশ্লেষণ না করে বেশি অতি আতঙ্কগ্রস্ত হওয়া যৌক্তিক নয়।তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ বা বিঘ্নিত হওয়া। এমনটা হলে জ্বালানি তেলের দাম বাড়লে আমাদের আমদানিতে খরচ বাড়বে। কিন্তু ইরান স্পষ্ট করেছে যে- তারা মাধ্য প্রাচ্যের তেল সরবরাহ পথের হরমুজ প্রণালী বন্ধ করবে না। 

ফলে সরবরাহ কিছুটা বিঘ্নিত হলেও বন্ধ হচ্ছে না। এতে তেলের দাম কিছুটা বাড়লেও অনেক বাড়বে না। বাস্তব কারণে এ যুদ্ধ কয়েক সপ্তাহ বা মাস চলবে- এমনটা কোনোভাবেই মনে হচ্ছে না। ফলে সাময়িক এ যুদ্ধ নিয়ে আমাদের খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই- যোগ করে মনিরুজ্জামান।

All Categories