আশুলিয়ায় শ্রমিক দলের নেতাকে গুলি, ৫ জন আহত

ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি সাঈদ হাসান মিঠুকে গুলি করেছে এবং তার সাথে থাকা পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে আশুলিয়ার চিত্রশাইলের মানিকগঞ্জপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার সময় সাঈদ হাসান মিঠুকে লক্ষ্য করে গুলি করা হয় এবং তার সাথে থাকা পাঁচজনকে কুপিয়ে আহত করা হয়।

হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন।

আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, "আমাদের ওপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। সাঈদ হাসান মিঠু গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি; তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

All Categories