আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণকে এগিয়ে নিতে এবং আসন্ন নির্বাচনের সফল আয়োজনের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা প্রয়োজন। তিনি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতি অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচন প্রক্রিয়ায় কমনওয়েলথের আগ্রহের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান।

জবাবে মহাসচিব শার্লি বোটচওয়ে বাংলাদেশকে নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচন-পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, “কমনওয়েলথের মধ্যে জি-৭ ও জি-২০–এর সদস্যসহ ৫৬টি দেশ রয়েছে; এই প্ল্যাটফর্মের সম্পদ ও অভিজ্ঞতা বাংলাদেশকে আরও শক্তিশালী করতে পারে।”

তিনি জানান, নির্বাচনের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন বলেও উল্লেখ করেন।

বৈঠকে যুবক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক ব্যবসা সম্প্রসারণ এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমানোর লক্ষ্যে ‘থ্রি-জিরো ভিশন’ এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

All Categories