আসছে নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন নাগরিক। খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ভোটার বেড়েছে ৮২ হাজার ৭৯৯ জন। খসড়ায় মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী— মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ পুরুষ ভোটার: ৬,৪৮,১৪,৯০৭ নারী ভোটার: ৬,২৮,৭৯,০৪২ তৃতীয় লিঙ্গের ভোটার: ১,২৩৪
তিনি আরও বলেন, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।
এর আগে গত ৩ নভেম্বর ইসি হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ করেছিল। সেখানে পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
ইসি জানায়, নতুন চূড়ান্ত তালিকায় যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ফলে প্রথমবারের মতো তারা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।