আপত্তির মুখে সংলাপ থেকে ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিলো ইসি
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরুর আগেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের দুই অংশের বিরোধের জেরে মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে সংলাপকক্ষ ত্যাগ করতে বলে ইসি।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর সময় এ ঘটনা ঘটে। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংলাপ শুরুর নির্ধারিত সময়ের কিছু আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে নিজ নিজ আসনে বসেন। এ সময় ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রবেশ করে। এতে আগে থেকে কক্ষে অবস্থান করা অন্য অংশ—মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন দলটির প্রতিনিধিদের উদ্দেশে সাখাওয়াত রাজি আপত্তি জানান।
তিনি অভিযোগ করেন, তারা অতীতের ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল। ২০২৪–সহ প্রতিটি একতরফা নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তারা এখানে থাকলে আমরা থাকব না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসির পক্ষ থেকে দুই দলকেই আমন্ত্রণপত্র দেখাতে বলা হয়। সাখাওয়াত হোসেন রাজি আমন্ত্রণপত্রের কপি দেখালেও হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশ হার্ডকপি দেখাতে পারেনি। এরপর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “হার্ডকপি না থাকলে আপনারা চলে যান।
এরপর কক্ষ ত্যাগ করেন হাসানাত আমিনীর নেতৃত্বাধীন প্রতিনিধিরা। বের হয়ে আসার সময় দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন অভিযোগ করেন, নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তে আমাদের বের করে দিয়েছে। অথচ নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধন রয়েছে।
আজকের সংলাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট (সাখাওয়াত হোসেন রাজি–পক্ষ), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা অংশ নেন।