আপত্তি ও গন্ডগোলের আশঙ্কায় স্থগিত চারুকলায় ‘শরৎ উৎসব’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিতব্য সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘শরৎ উৎসব’ স্থগিত করা হয়েছে। ‘অনেকের আপত্তি’ ও ‘গন্ডগোলের আশঙ্কা’ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম।

তবে তিনি জানিয়েছেন, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি, পরবর্তী সময়ে আয়োজিত হতে পারে। আজ শুক্রবার সকালে তিনি বলেন, ‘অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল একটি মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যাপক আজহারুল ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। বিভিন্ন দিক থেকে ফোনকল এসেছে। কেউ কেউ বলেছেন, এমন আয়োজন করলে গন্ডগোল হতে পারে। এই পরিস্থিতিতে আমরা অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছি।

অন্যদিকে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী (সুইট) বলেন, ‘আমাকে ফ্যাসিবাদের দোসর বলা হয়েছে, অথচ আমি কখনো আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলে ছিলাম না।

তিনি জানান, ১৯ বছর ধরে চারুকলায় নিয়মিতভাবে এই শরৎ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারও সব প্রস্তুতি সম্পন্ন করার পর হঠাৎ অনুষ্ঠান স্থগিতের খবর পান তাঁরা।

মানজার চৌধুরী বলেন, এই উৎসব কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়—এটি প্রকৃতির বন্দনা। এখানে রাজনীতি, দলাদলি বা কোনো ভুঁইফোড় সংগঠনের বিষয় নেই। এইভাবে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় সারা বিশ্বে একটা বাজে বার্তা গেল।

তিনি আরও জানান, ছোট পরিসরে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে শরৎ উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে চারুকলার বকুলতলায় শরৎ উৎসবের আয়োজন করে আসছে। এবারের অনুষ্ঠানও একই স্থানে হওয়ার কথা ছিল।

All Categories