Mar 13, 2025
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন :মাহমুদউল্লাহ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন :মাহমুদউল্লাহ

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য নাম মাহমুদউল্লাহ রিয়াদ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মুশফিকুর রহিমের মতোই তিনি তাঁর দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন। এর আগে কিছুদিন আগে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আর এরই মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদও তাঁর ক্রিকেট জীবনের এই অধ্যায় বন্ধ করলেন।

গত ১০ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে তখন সেখানে মাহমুদউল্লাহর নাম ছিল। তবে নিজেই ওই তালিকা থেকে নিজের নাম সরিয়ে নেওয়ায় ক্রিকেটাঙ্গনে ধারণা তৈরি হয় যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন। শেষ পর্যন্ত, ১২ মার্চ বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানালেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

মাহমুদউল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন
সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞ যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।

তিনি আরও যোগ করেন একটি বিশেষ ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুরকে। আর সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমার ভাই এমদাদ উল্লাহর প্রতি যিনি ছোটবেলা থেকে আমার কোচ ও পরামর্শক হিসেবে আমার পাশে ছিলেন। এছাড়াও আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ জানাই যারা সব সময় আমার শক্তি হয়ে পাশে থেকেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজের জার্সিতে খুব মিস করবে। সবকিছু সবসময় পরিপূর্ণভাবে শেষ হয় না তবে যা ঘটে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন মাহমুদউল্লাহ। এরপর থেকে তাঁর পথচলা ছিল নানা গৌরবময় মুহূর্তে ভরা। বিশেষ করে, ২০১৫ সালের বিশ্বকাপে তাঁর অসাধারণ ইনিংস যেখানে তিনি দলকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তা মনে রেখেছে ক্রিকেট বিশ্ব।

তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটি ছিল ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে। যদিও এই ম্যাচের পর তাঁর অবসর নিয়ে আলোচনার শুরু হয়েছিল কিন্তু সে সময় তিনি কোনো মন্তব্য করেননি।

মাহমুদউল্লাহ ২৩৯টি ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। এই সংখ্যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন কেবল মুশফিকুর রহিম (৪৭০) ও সাকিব আল হাসান (৪৪৭)।

তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছিলেন। ২০২১ সালে হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান তিনি। এরপর ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে হায়দরাবাদে ম্যাচ খেলে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকেও অবসর নেন।

তাঁর অবসর ঘোষণায় বাংলাদেশ ক্রিকেটের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তবে মাহমুদউল্লাহ রিয়াদের ক্রিকেট ক্যারিয়ার সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্যতার জন্য তিনি সবসময় বাংলাদেশের ক্রিকেট দলের অমূল্য সম্পদ হিসেবে পরিচিত থাকবেন।


 

All Categories