আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হল সন্ত্রাস বিরোধী আইনের মামলায়
রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার বিকেলে তাঁকে আদালতে নেওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার রাতে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ডিবি জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সেখানে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে দেওয়া বিভিন্ন বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি দৈনিক আজকের কাগজ–সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।
রোববার রাতে ধানমন্ডি ২ নম্বর এলাকার একটি জিম থেকে বের হওয়ার পর তাঁকে ডিবিতে নেওয়া হয়। ওই জিমের ম্যানেজার আরেফিন সাংবাদিকদের জানান, আনিস আলমগীর সন্ধ্যায় জিমে এসেছিলেন। ব্যায়াম শেষে রাত আটটার দিকে তিনি জিম থেকে বের হয়ে যান। জিমের ভেতরে পুলিশের কাউকে তিনি দেখেননি বলে জানান।
উল্লেখ্য, সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি অভিযোগ করা হয়। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি দায়ের করা হয়। পরে ওই অভিযোগের ভিত্তিতেই মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।