আন্দোলনের জেরে এনবিআরের চার কর্মকর্তা বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। সোমবার জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

বরখাস্ত কর্মকর্তারা হলেন—সিলেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, মোংলার অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির এবং খুলনার উপকমিশনার সাইদুল ইসলাম।

আদেশে বলা হয়েছে, ১২ মে ঘোষিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫–এর বিরোধিতা করে আন্দোলন চলাকালে তাঁরা দাপ্তরিক কাজে বাধা দিয়েছেন এবং আমদানি–রপ্তানি কার্যক্রম ব্যাহত করেছেন। সরকারি চাকরি আইন, ২০১৮–এর ধারা ৩৯ (১) অনুযায়ী তাঁদের বরখাস্ত করা হয়েছে।

গত দেড় মাসে এ নিয়ে এনবিআরের বিভিন্ন স্তরের মোট ৩১ কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলো। এর বাইরে আরও কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।

All Categories