আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম ও সৃজনশীল শক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ। এই শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশের উত্তরণকে মসৃণ ও টেকসই করার লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারুণ্য ও সৃজনশীলতা আমাদের শক্তি। এই শক্তি আর সুযোগ আমাদের আছে। এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না।

তিনি আরও বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত দ্রুত সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর কোনো কথা নাই।

ড. ইউনূস বলেন, আত্মনির্ভর হতে হলে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। এজন্য বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটা কঠিন হলেও এতে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশ-এর কথা বলি, সেটির মানে হচ্ছে স্বনির্ভর বাংলাদেশ।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বাণিজ্যিক সংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ, এফবিসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি।

All Categories