আমলারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায়, যেকোনো সময় নেমে যেতে পারি
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমলারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন। আর তিনি অপেক্ষায় আছেন, কবে দায়িত্ব থেকে সরে যাবেন। যেকোনো সময় নেমে যেতে পারি, তাই পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই,বলেন তিনি।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনার বিষয় ছিল ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’।
তথ্য উপদেষ্টা বলেন, মে মাস থেকেই অনেকে আমাদের পদত্যাগের দাবি করছেন। তাই গত দুই মাস ধরে অপেক্ষায় আছি, কখন নেমে যাব। আমি খুব কম সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। স্বল্প সময়ে যতটুকু করা সম্ভব, সেটা করছি।
তিনি আরও বলেন, তাঁদের বয়স ও অভিজ্ঞতা কম। জনগণ নিশ্চয়ই এজন্য তাঁদের ক্ষমা করবে।
মাহফুজ আলম জানান, সাংবাদিকতা সুরক্ষা আইন প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সময়ে যেকোনো মূল্যে এই আইন বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, অভিজ্ঞতায় দেখেছি, বাংলাদেশে সবাই গোষ্ঠী স্বার্থে কাজ করে, জাতীয় স্বার্থ দেখে না। এজন্য আমাদের হতাশা তৈরি হয়েছে।
আলোচনায় আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান।