‘আমজনতা পার্টি’র আত্মপ্রকাশ, নেতৃত্বে ডেসটিনির রফিকুল আমীন
নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আমজনতা পার্টি’র আত্মপ্রকাশ ঘটেছে। দলটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ফাতিমা তাসনিম।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন দলটির ঘোষণা দেন রফিকুল আমীন।
অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। জাতীয় সংগীত শেষে শুভেচ্ছা বক্তব্য দেন মোহাম্মদ রফিকুল আমীন। এ সময় তিনি ‘বাংলাদেশ আমজনতা পার্টি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং দলের লক্ষ্য ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
ডেসটিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনি পত্রিকার সম্পাদকের দায়িত্বও পালন করে আসছেন।
উল্লেখ্য, অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন রফিকুল আমীন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন।
সদস্য সচিব ফাতিমা তাসনিম গত রবিবার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। বৃহস্পতিবার ‘বাংলাদেশ আমজনতা পার্টি’তে যোগ দিয়ে নতুন দলে সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেন তিনি।