আজ থেকে কার্যকর নতুন অর্থবছরের বাজেট
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট আজ, মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।
উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাতের সংস্কার এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের মতো নানা চ্যালেঞ্জ বিবেচনায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেট পাস করে। গত ২২ জুন (রবিবার) উপদেষ্টা পরিষদে অনুমোদিত বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি হয়ে ১ জুলাই থেকে কার্যকর হলো।
‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’ শিরোনামের এই বাজেটে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫০ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতা ও দেশের আর্থিক খাতের ঝুঁকি মোকাবিলা করেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে অ্যাপার্টমেন্ট বা ভবনে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হয়েছিল। তবে বাজেটের চূড়ান্ত অনুমোদনের সময় উপদেষ্টা পরিষদ সেই সুবিধা বাতিল করেছে। ফলে নতুন অর্থবছরে আর অপ্রদর্শিত অর্থ বৈধ করার কোনো বিশেষ সুযোগ থাকছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। গত ২২ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।