আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে যেকোনো সময় চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরিস্থিতি অনুযায়ী চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে যেকোনো সময় বিশেষ বা চিরুনি অভিযান চালাতে পারে সরকার। আজ রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, নারী নির্যাতন, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় চিহ্নিত অপরাধীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। এজন্য সবার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।
মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্বে বিবেচনা করছে। মামলার এফআইআরে থাকা ১৯ আসামির মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে ছয়জনকে।
তিনি জানান, প্রথম দিনে ঘটনাস্থল থেকেই পুলিশ মঈন ও সেনাবাহিনী তারেককে অস্ত্রসহ আটক করে। এরপর র্যাব ও ডিবির অভিযানে আরও চারজন গ্রেপ্তার হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে ঢাকার বাইরেও অভিযান চালানো হচ্ছে। তদন্তে নতুন কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিটফোর্ড হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনায় আরেক হত্যাকাণ্ডেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, অপরাধী অপরাধীই—সে যেই হোক না কেন। কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব কাজে লাগিয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, ভবিষ্যতেও দেওয়া হবে না। পুলিশও কাউকে প্রশ্রয় দেবে না।
সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের কারণেই অপরাধপ্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই প্রবণতা রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব নয়, মিডিয়া, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকা দরকার বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, ‘কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। কোনো অপরাধ বা জননিরাপত্তা বিঘ্নকারী ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো জরুরি।