আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি: নাহিদ
আইনি ভিত্তি ছাড়া জুলাই জাতীয় সনদে সই করবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, সনদ বাস্তবায়ন আদেশ প্রকাশের আগেই তার খসড়া প্রকাশ ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি। জুলাই গণঅভ্যুত্থান কোনো ক্ষমতা পরিবর্তনের আন্দোলন ছিল না, বরং একটি ফ্যাসিবাদি কাঠামো সংস্কারের আন্দোলন ছিল। সেই সূত্রেই আমরা নতুন বাংলাদেশের কথা বলেছিলাম।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায়কে প্রাধান্য দিয়ে এ আদেশ প্রধান উপদেষ্টা জারি করবেন। স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় দলগুলোর ঐকমত্য প্রয়োজন।
নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই তিনি প্রেসিডেন্ট নয়, সরকারপ্রধান হিসেবে সেই আদেশ জারি করবেন।
গণভোট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, গণভোটে জনগণ যদি সনদের পক্ষে ভোট দেয়, তাহলে পরবর্তী সংসদকে কনস্টিটিউট পাওয়ার দেওয়া হবে। সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে মোটামুটি সবাই একমত। তবে এতে কোনো সংশোধনী আসবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, জুলাই সনদের ৮৪টি সংস্কার বিষয়ে গণভোট হবে। এতে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্নগুলো আগেই চূড়ান্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আহ্বায়ক জাবেদ রাসিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।