আগুনে পুড়ল জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ
মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর দক্ষিণ পাশে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আজ সোমবার ভোরে পেট্রোল ঢেলে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সদর থানা–পুলিশের তথ্য অনুযায়ী, ভোর সাড়ে ৩টার দিকে একটি কালো প্রাইভেটকারে করে তিনজন ব্যক্তি পশ্চিম সেওতা এলাকায় স্মৃতিস্তম্ভের কাছে আসে। তারা প্রথমে আশপাশে পড়ে থাকা গাড়ির টায়ার জড়ো করেন। এরপর সেই টায়ারে পেট্রোল ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে সরেজমিনে দেখা যায়, লোহার তৈরি স্মৃতিস্তম্ভটির নিচের অংশ আগুনে কালো হয়ে গেছে। আশপাশে পড়ে থাকা টায়ারের ছাই ছড়িয়ে–ছিটিয়ে আছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা সমন্বয়ক ওমর ফারুক অভিযোগ করে বলেন, “এটি পরিকল্পিত নাশকতা। যারা ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করছে, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।”
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।