আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) এসব সরঞ্জাম খালাস করার কথা ছিল।
শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। প্রায় সাত ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের আমদানি পণ্যের অংশে থাকা অনেক মালপত্র পুড়ে যায়।
রূপপুর প্রকল্পের বৈদ্যুতিক সরঞ্জামগুলোর খালাসের দায়িত্বে ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। কোম্পানির কাস্টমস কর্মকর্তা বিপ্লব হোসাইন বলেন, “ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম দেশে আসে।
তিনি আরও জানান, এসব পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশনের অনুমতি (এনওসি) নিতে হয়। সেই অনুমতি নিতে বিলম্ব হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত খালাস করা সম্ভব হয়নি। “আজ খালাস হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পণ্যগুলো আগুনে পুড়ে গেছে,” বলেন তিনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নেভানোর পরও স্থানে ধোঁয়া ও পানি পড়ছে। উদ্ধারকাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে।