আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রায় ১৫ বছর ধরে স্থবির থাকা পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অবশেষে হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে থাকবেন পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি ও সংযুক্তি–সহ নানা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামগুলোতে সহযোগিতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হবে।
এর আগে বুধবার দুপুরের পর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আমনা বালুচের। পরদিন বৃহস্পতিবার সকালের বৈঠক শেষে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, “প্রায় ১৫ বছরের বিরতিতে অনুষ্ঠেয় এই বৈঠকে দুই দেশের মধ্যকার নানা বিষয়, এমনকি ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে।”
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ বৈঠককে ‘বড় অগ্রগতি’ হিসেবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেন, এ আলোচনার ধারাবাহিকতায় ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে যাবে।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর ঢাকা সফর নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। প্রাথমিকভাবে এপ্রিলের ২২-২৪ তারিখ এই সফরের সম্ভাবনা থাকলেও বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা কাতার সফরে থাকায় সময়সূচি পুনর্নির্ধারণের কথা চলছে। সম্ভাব্য সময় হিসেবে এখন মাসের শেষ সপ্তাহ বিবেচনায় নেওয়া হচ্ছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের জট খুলে সামনে এগিয়ে নিতে এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।