আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস
বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর মতে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, বরং দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া, সামাজিক ব্যবসা এবং বৈশ্বিক মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ড. ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে।
বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। উভয় নেতা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক তহবিল বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদাসহ নিজেদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন।
ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যেখানে স্থায়ী সমাধানের পথ খোঁজা হবে।
অলিম্পিক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসায় রূপান্তরের অভিজ্ঞতা ভবিষ্যতের আয়োজনগুলোকেও প্রভাবিত করবে। বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে কার্বন নিরপেক্ষ করার ওপর তিনি জোর দেন।
বৈঠকের এক পর্যায়ে মেয়র হিদালগো বলেন, আমি আপনার নেতৃত্বকে গভীরভাবে সম্মান করি। আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রধান উপদেষ্টা ইউনূস মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।