আবারও গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করল ইসরায়েল

গাজা উপত্যকায় আবারও ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। 

তাদের দাবি, বিতরণকৃত ত্রাণসামগ্রী নাকি হামাসের হাতে চলে যাচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এটি আর শুধুমাত্র নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নয়, বরং একটি সুপরিকল্পিত মানবিক অবরোধ, যার সবচেয়ে বড় শিকার হচ্ছেন নিরস্ত্র সাধারণ মানুষ।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এখন একটি ‘নতুন পরিকল্পনা’ না করা পর্যন্ত গাজায় কোনো ত্রাণ ঢুকতে দেবে না। অথচ বিগত চার সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে পরিচালিত বিতর্কিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (GHF) ত্রাণ বিতরণ করছিল। সেই সংস্থার ত্রাণ বিতরণকেন্দ্রে যাওয়ার পথেই প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি—যাদের অধিকাংশই ছিলেন ত্রাণের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা নারী, পুরুষ ও শিশু।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের প্রকাশিত এই তথ্য সামনে আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি কেবল ত্রাণ বন্ধ করার সিদ্ধান্ত নয়, বরং এটি একটি “মানবতাবিরোধী অবরোধ”—যেখানে মানুষের খাদ্য, চিকিৎসা ও পানির মতো মৌলিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে।

All Categories