আবারও বলছি ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া শুভেচ্ছা ভাষণে তিনি এ কথা জানান।

তিনি বলেন,আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। নির্বাচন কমিশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলোও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নির্বাচনের জন্য তৈরি হবে বলে আশা করছি।

গুজব ও মিথ্যা প্রচারণা প্রসঙ্গে ড. ইউনূস বলেন,গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের মহোৎসব চলছে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন ছবি ও ঘটনা বিকৃত করে প্রচার করা হচ্ছে, যা জনগণকে বিভ্রান্ত করছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, এই গুজব আরও ভয়ংকর রূপ নেবে।

তিনি আরও জানান,গুজব ও মিথ্যা তথ্য রোধে আমরা জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘ মহাসচিব এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।

প্রধান উপদেষ্টা জনগণকে গুজব ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, "গুজব হলো জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির সবচেয়ে বড় হাতিয়ার। এই গুজবের পেছনে বিপুল অর্থ ও শক্তি ব্যয় করা হচ্ছে, যার মূল লক্ষ্য অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তা হতে দেব না।

জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। মনে রাখতে হবে, আমরা যুদ্ধাবস্থায় আছি। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তিকে বিচলিত করছে, তাই তারা এই ঐক্য ভাঙার নানা কৌশল অবলম্বন করছে। আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র রুখতে হবে।

 

All Categories