৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে ব্যাংক, আগের সময়সূচিতে ফিরছে লেনদেন
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে গেছে। রমজানের পরিবর্তিত সূচি শেষে আজ থেকেই আগের নিয়ম অনুযায়ী শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে, আজ থেকে ব্যাংকেলেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লেনদেন শেষে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকের হিসাবনিকাশ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
এর আগে রমজান মাসে ব্যাংকগুলোর সময়সূচি ছিল কিছুটা ভিন্ন। তখন লেনদেন চলেছে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত, এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছিল।
ঈদ পরবর্তী সময়ে প্রবাসী আয়, বেতন-বোনাস জমা এবং ব্যবসায়িক লেনদেন বেড়ে যাওয়ায় গ্রাহক উপস্থিতি তুলনামূলকভাবে বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকসেবায় কোনো ধরনের সমস্যা না হয় সে লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে দীর্ঘ ছুটির পর অফিসপাড়ায়ও ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো ব্যাংকগুলোর শাখাগুলোতেও কর্মব্যস্ততা দেখা গেছে সকাল থেকেই।