৫ লাখ ৩০ হাজার লাতিন আমেরিকান অভিবাসীকে যুক্তরাষ্ট্র ত্যাগের আদেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ঘোষণা করেছে যে, কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ৩০ হাজারেরও বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করা হবে।

এই সিদ্ধান্তের ফলে এসব অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি আর থাকছে না।আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।

এ বিষয়ে একটি ফেডারেল সরকারের নোটিশে জানানো হয়েছে, এসব অভিবাসীদের আগামী ২৪ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। যদি তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশ ত্যাগ না করে, তবে তাদের পারমিট এবং বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে, যার ফলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন সিএইচএনভি স্পনসরশিপ প্রক্রিয়ার মাধ্যমে, যা বাইডেন প্রশাসনের সময় চালু করা হয়েছিল। তবে, ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পরেই এই কর্মসূচি স্থগিত করেন।

বিবিসি জানিয়েছে, এই সময়ের মধ্যে কতজন অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছেন তা স্পষ্ট নয়।

All Categories