৪৩ দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
বিশ্বের ৪৩টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ওপর নানা মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
নিউইয়র্ক টাইমসের শনিবারের প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন প্রশাসন বর্তমানে একটি নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা প্রণয়ন করছে যা সম্ভবত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়েও ব্যাপক হবে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় ৪১টি দেশ পড়তে পারে যা তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে।
প্রথম শ্রেণীর দেশগুলোর ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ তালিকায় থাকবে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়া।নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এর সঙ্গে আরও কয়েকটি দেশ যেমন ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনিজুয়েলা এবং ইয়েমেনও যুক্ত হতে পারে।
দ্বিতীয় শ্রেণীতে থাকা দেশগুলোর ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে যেখানে নতুন ভিসা প্রদান বন্ধ থাকবে এবং ভ্রমণ ভিসা ছাড়াও অন্যান্য অভিবাসী ভিসার ওপরও নিষেধাজ্ঞা থাকবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে পারে ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার এবং দক্ষিণ সুদান। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে আরও কিছু দেশ যেমন বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন এবং তুর্কমেনিস্তানও এই দ্বিতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে পারে।
তৃতীয় শ্রেণীর দেশগুলোতে মার্কিন ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকবে। ২৬টি দেশের নাগরিকদের ভিসা আংশিকভাবে স্থগিত করা হতে পারে তবে তাদের জন্য ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হবে। যদি এই সময়ের মধ্যে দেশগুলো তাদের ভিসা যাচাই ব্যবস্থা জোরদার করে তবে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে।এই তালিকা এখনও চূড়ান্ত নয় এবং মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে এর অনুমোদন প্রক্রিয়া চলছে।
এই নিষেধাজ্ঞা পরিকল্পনাটি এখনও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।২০১৭ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যা পরবর্তীতে মার্কিন সুপ্রিম কোর্টে অনুমোদিত হয়েছিল।
২০২৩ সালের অক্টোবরে একটি ভাষণে ট্রাম্প বলেন গাজা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেনসহ যেকোনো দেশ যেখান থেকে আমাদের নিরাপত্তা হুমকি আসে সেসব দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
এই নতুন নিষেধাজ্ঞা পরিকল্পনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অনুমোদনও প্রয়োজন তবে এটি এখনও অনুমোদনপ্রাপ্ত হয়নি।